কালিহাতী হাসপাতালে পাম্প
অচল হওয়ায় পানি সংকট
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
কালিহাতী ৫০ শয্যা হাসপাতালে গত কয়েকদিন ধরে পাম্প মেশিন অচল থাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সংকটে জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, রোগীদের ওয়ার্ড এবং অন্যান্য দপ্তরে হাহাকার চলছে। সেসাথে ডাক্তারদের কোয়ার্টারসহ অন্যান্য কোয়ার্টারে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাইরের নলকূপ থেকে পানি নিয়ে ডাক্তার ও রোগীরা প্রয়োজন মিটাচ্ছে। পাম্প মেশিন অকেজো হয়ে পড়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
দ্রুত পানি সরবরাহ করার কোন বিকল্প ব্যবস্থা এখন পর্যন্ত কন্সট্রাকশন মেইনটেইন্স ম্যানেজমেন্ট ইউনিট (সিএমএমইউ) কর্তৃপক্ষ নেয়নি বলে জানা যায় । হাসপাতালের নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিএমএমইউ কর্তৃপক্ষের উপর দায়িত্ব থাকলেও তারা এখন পর্যন্ত অচল পাম্প মেশিনটি চালু করতে পারেননি। অথচ গণপূর্ত বিভাগের উপর হাসপাতালের দায়িত্ব থাকার সময়ে এ ধরনের ভোগান্তি কখনো হয়নি। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা।