শান্তি চুক্তিবাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে :সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে বলে ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প নেই। সরকার চুক্তি যথাযথ বাস্তবায়নে কোনদিন এগিয়ে আসবে না। তাই পার্বত্যাঞ্চলের পাহাড়ি-বাঙালি স্থায়ী অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার তথা শাসকগোষ্ঠীকে বাধ্য করতে হবে। রাঙ্গামাটি জিমনেশিয়াম মাঠে শুক্রবার বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্য দানকালে সন্তু লারমা এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণঐক্য’র আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, এমপি ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট পার্টির কেন্দীয় যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাথ চাকমা, কেন্দ্রীয় কমিটির মহিলা সভানেত্রী জরিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।