অভয়নগরে বোমা হামলায় শ্রমিকদল নেতা নিহত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় শ্রমিকদল নেতা মোঃ আলমগীর হোসেন ফকির (৪৫) নিহত হয়েছেন। ইসহাক আলী মোল্লা (৫৭) নামে অপর একজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে শংকরপাশা ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শংকরপাশা গ্রামের আশকার ফকিরের পুত্র আলমগীর হোসেন ফকির ফেরিঘাট সংলগ্ন মসজিদে এশার নামাজ আদায় করে পাশে মাহফিলের দিকে যাচ্ছিলেন। এসময় ওত পেতে থাকা ২ জন সন্ত্রাসী তার ওপর বোমা নিক্ষেপ করে। বোমাটি আলমগীরের শরীরে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মধ্যপুর গ্রামের ইসহাক আলী বিস্ফোরিত বোমার স্প্লিন্টারে আহত হন। তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।