জামায়াত-শিবির বর্জনের আহবান সেক্টরস কমান্ডারস ফোরামের

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডসহ অবিলম্বে জামায়াত-শিবিরচক্র নিষিদ্ধ ও তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বর্জনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে নবপ্রজন্মের ঐতিহাসিক বিদ্রোহকে পরিপূর্ণভাবে সমর্থন জানাতে সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে। মুক্তিযুদ্ধে উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তমের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সব বিভাগীয়, জেলা ও প্রাতিষ্ঠানিক কমিটিকে অবিলম্বে শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে ঘোষণার প্রতি সংহতি প্রকাশ করে নিজ নিজ এলাকায় নবপ্রজন্ম মঞ্চ গঠন ও চলমান আন্দোলনকে সর্বাত্মক সমর্থ দিতে নির্দেশ দেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লা বীর উত্তম, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব লেখক হারুন হাবীব, কর্নেল (অব.) শামসুল আলম, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, আব্দুল হাই, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, এডভোকেট হাবিবুর রহমান শওকত, জাকিয়া কে হাসান, মোশাররফ হোসেন, সামসুদ্দিন আহমেদ, শহীদকন্যা ফারজানা শাহনাজ মজিদ, শিল্পী বুলবুল মহল নবিশ এবং ডা. আমজাদ হোসেন।