জার্মানি থেকে আকস্মিক
রাষ্ট্রদূত প্রত্যাহার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
জার্মান সরকারের চাপে রাষ্ট্রদূত মসউদ মান্নানকে প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। সাতদিনের সময় দিয়ে বার্লিন থেকে ডেকে পাঠানো হয়েছে তাকে। পেশাদার কূটনীতিক মসউদ মান্নান ২০১০ সালের মে মাস থেকে বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে কর্মরত। দূতাবাসের স্থানীয় কর্মী নিয়োগ, তাদের বেতনভাতা পরিশোধ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা-কর্মচারীকে (লোকাল স্টাফ) চাকরিচ্যুত করেন রাষ্ট্রদূত। স্থানীয় কর্মীরা এর প্রতিবাদ করে আইনি ব্যবস্থা নেন। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে জার্মান সরকারের কাছে অভিযোগ করা হয়। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে জার্মান নাগরিকদের অভিযোগের সত্যতা পায়। এক পর্যায়ে বাংলাদেশ দূতাবাস কোন সমাধান না করায় বাংলাদেশ সরকারের কাছে সরাসরি অভিযোগ করে এবং রাষ্ট্রদূত মান্নানকে প্রত্যাহারের অনুরোধ করে। এ নিয়ে ঢাকা-বার্লিন কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলে কিছুদিন। বিভিন্ন দিক বিবেচনা ও প্রাথমিক তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত মান্নানকে প্রত্যাহার করে। সহসাই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হবে। ঢাকা ও বার্লিনের কয়েকটি কূটনৈতিক সূত্র রাষ্ট্রদূত মান্নানের প্রত্যাহার ও পূর্বাপর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বার্লিন দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। আপাতত নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।