সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল আজ পাস হচ্ছে

আন্তর্জাতিক অপরাধ ( ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল-২০১৩ আজ জাতীয় সংসদে পাস হওয়ার কথা রয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে গত সপ্তাহেই এটি চূড়ান্তভাবে অনুমোদন পায়। আর অনুমোদনের মাত্র এক সপ্তাহের মধ্যেই বিলটি পাস হতে হচ্ছে। দুইদিন বিরতির পর আজ রবিবার বিকাল সাড়ে চারটায় জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, সপ্তাহের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত মন্ত্রীদের প্রশ্নোত্তরপর্ব টেবিলে উত্থাপন করা হবে। এরপরই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল-২০১৩ পাস করার জন্য সংসদে উত্থাপন করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ অথবা মন্ত্রী যদি অনুপস্থিত থাকেন তাহলে তার পক্ষে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিলটি উত্থাপন করবেন।