ধর্মের নামে সহিংসতার বিষয়ে সতর্ক থাকুন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মওলানা মিজানুর রহমান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সহিংসতাকে সমর্থন করে না। ইসলামের নামে যারা দেশে-বিদেশে সহিংতা চালাচ্ছে তাদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। গত শুক্রবার রাতে নেত্রকোনার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় ধর্মের নামে যারা এ দেশের অগণিত মানুষকে হত্যা করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে। তাদের বিচারের কাজ চলছে। আমরাও রাজাকারদের ফাঁসি চাই। রাজাকারদের বাঁচাতে জামায়াত-শিবির আন্দোলনের নামে দেশে সহিংসতা চালাচ্ছে। এদের অপতত্পরতা রোধে সকল ধর্মপ্রাণ মুসলমানকে এগিয়ে আসতে হবে। মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস মওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি ফয়জুল্লাহ, হাসনাত আমিনী, খালিদ সাইফুল্লাহ সাদী, আব্দুল মান্নান মাহমুদ, আবু সালেহ মুহাম্মদ মুসা, মাদ্রাসার সভাপতি হোসেন আহম্মদ খান প্রমুখ। মুহিব খান ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।