ফুলবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কলেজ ছাত্র নিহত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট বিদ্যাবাগিস সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গতকাল শনিবার ভোররাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ভারতের কুরশারহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৩ রাউন্ড গুলি চালায়। নিহত মোখছেদুল (২২) ফুলবাড়ি ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি’র কাশীপুর কোম্পানি কমান্ডার চিঠি পাঠালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় বিএসএফ পক্ষ এখনো কোন সাড়া দেয়নি বলে জানা যায়। এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় সীমান্তে বিজিবি-বিএসএফ টহল জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউল হক খালেদ। বিজিবি ও স্থানীয়সূত্রে জানা যায়, ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৯-র পাশ দিয়ে গতকাল ভোররাতে গরু পাচার কাজে সহযোগিতা করছিল কলেজ ছাত্র মোখছেদুল। এ সময় সীমান্তে টহলরত ভারতীয় কুরশারহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা পর পর ৩ রাউন্ড গুলি ছুঁড়লে বিদ্যাবাগিস গ্রামের আবুল হোসেনের পুত্র মোখছেদুলের ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর লাশ নিহতের বাড়িতে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি নাসির উদ্দিন।