আবার ধর্মঘটের কবলে ভোমরা স্থলবন্দর

ভারতীয় শ্রমিক অসন্তোষের কারণে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। দাবি পূরণ না হওয়ায় দীর্ঘ ৯ দিন সচল থাকার পর গতকাল শনিবার থেকে আবারও ভোমরা স্থলবন্দর দিয়ে ফের অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের ঘোজাডাঙ্গার শ্রমিক সংগঠনগুলো। এদিকে আমদানি-রফতানির অপেক্ষায় উভয় দেশের জিরো পয়েন্টের কাছে জমা হয়েছে মালবাহী কয়েক শতাধিক ট্রাক। পূর্ব ঘোষণা অনুযায়ী বসিরহাট মহকুমা প্রশাসন শ্রমিকদের দাবি পূরণ না করায় বৃহস্পতিবার দুপুরে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সংগ্রামপুর-ঘোজাডাঙ্গা শ্রমিক, লরি মালিক ও ট্রান্সপোর্ট সমন্বয় সমিতি এক পথসভায় অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ঘোষণা দেয়। তাদের এই সিদ্ধান্তের বিষয়টি চিঠির মাধ্যমে শুক্রবার সকালে সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকেও জানানো হয়েছে।