জামায়াতকে টার্গেটে ফেলে জোট থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে :ফারুক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা আর কত মায়ের বুক খালি করবেন? আমরা আর রাজপথ রক্তাক্ত দেখতে চাই না আর শাহবাগের আন্দোলনও দেখতে চাই না। এসব বন্ধ করুন। ফারুক বলেন, জামায়াতকে একটি টার্গেটে ফেলে জোট থেকে বিচ্ছিন্ন করে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এতে কাজ হবে না্। কারণ আপনাদের এ ষড়যন্ত্র আমরা বুঝে ফেলেছি। ১৮ দলের নির্বাচনী জোট ভাঙবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, হেলেন জেরীন খান, মেজর অব. মো. হানিফ প্রমুখ।