ব্লগার রাজীব হত্যায় জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের হত্যার ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও নেই। গতকাল শনিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির হত্যা ও সন্ত্রাসের অপরাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, দেশে যখনই কোন অঘটন ঘটে তখনই তার সাথে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে জড়িয়ে আওয়ামী লীগ ও বামপন্থিদের পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়। এভাবে অপপ্রচার চালিয়ে তারা দেশের সচেতন জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।
বিবৃতিতে রাজীব হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, সরকার শাহবাগে যে আগুন জ্বালিয়েছে সে আগুনে নিজেই পুড়ে মরবে ইনশাআল্লাহ।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আগামীকাল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।