শেয়ারবাজারে মূল্য সংশোধন

শেয়ারবাজারে টানা তিনদিন সূচক বাড়ার পর গতকাল কিছুটা মূল্য সংশোধন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কমেছে ১৮ পয়েন্ট। গত ২৭ জানুয়ারিতে ডিএসইএক্স ছিল ৪ হাজার ৫৫ পয়েন্ট। ১৫ দিন লেনদেনের পর গত বৃহস্পতিবার সূচক দাঁড়ায় ৪ হাজার ৩০৪ পয়েন্টে। এরপর গতকাল রবিবার সূচক কিছুটা কমে ৪ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ১৬ দিনের মধ্যে শেয়ারবাজারে সূচক কমেছে ৪দিন। এদিকে শেয়ারবাজারে দরপতনের পাশাপাশি গতকাল লেনদেনও কিছুটা কমেছে। তথ্যে দেখা গেছে, ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৮৩৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৫১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭৪ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭২ টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসই’র মোট ২৭৪ টি কোমপানির ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৬৯১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৩৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৪৬ পয়েন্ট দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ২৩৭ টাকা। লেনদেনকৃত ১৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম। ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০১২ সালের কার্যক্রমের উপর লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো- আইডিএলসি ও গ্রীনডেল্টা ইন্সুরেন্স। আইডিএলসি ২০১২ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট থাকবে ২৮ ফেব্রুয়ারি। বছরশেষে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৭১ কোটি ২৮ লাখ টাকা ও ইপিএস হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। আর গ্রীনডেল্টা ইন্সুরেন্স ২০১২ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট থাকবে ২৭ ফেব্রুয়ারি। বছরশেষে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৬ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা।