বাংলাদেশের অগ্রগতিকে দৃষ্টান্তমূলক উল্লেখ করেছেন এশীয় উন্নয় ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হান কিম। তার মতে, প্রায় ৮ শতাংশ হারে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে বাংলাদেশ এখন এশিয়ার সব উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে বৃহস্পতিবার শুরু হয়েছে এডিবির ৫২তম বার্ষিক সম্মেলন ও ব্যাংকের পরিচালক বোর্ডের বার্ষিক সভা। সম্মেলন শুরুর আগের দিন বুধবার এক সংবাদ সম্মেলনে এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হান কিম এমন মন্তব্য করেন।
‘ঐক্যের মধ্য দিয়ে সমৃদ্ধি’— এই শ্লোগানকে সামনে রেখে পহেলা মে থেকে ৫ মে পর্যন্ত এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান কিম বলেন, বাংলাদেশের অর্থনীতি যে কেবল এগিয়ে চলেছে তাই নয়, পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও বাংলাদেশ সাফল্যের পরিচয় দিচ্ছে। বার্ষিক ৮ শতাংশ হারের প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকলে আরো বিদেশি বিনিয়োগ নিজে থেকেই বাংলাদেশে আসতে শুরু করবে।
এদিকে বৃহস্পতিবার অন্য এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বাংলাদেশ সম্পর্কে প্রসংশা করেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের চমকপ্রদ প্রবৃদ্ধি অর্জনের কথা উল্লেখ করেন তিনি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে এডিবির প্রেসিডেন্ট বলেন, তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের নিরাপত্তা উন্নয়নে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে। স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বের হলেও বাংলাদেশকে স্বল্প সুদের ঋণ প্রদান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। ফিজির দ্বিতীয় বৃহত্তম শহর নাদিতে এডিবির সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগণ শহরটিতে সমবেত হয়েছেন। এছাড়া সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও নাদিতে জড়ো হয়েছেন। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে এবারের বার্ষিক সম্মেলনের আয়োজন উপলক্ষে আলোচনার প্রধান একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সমুদ্রের স্বাস্থ্য ও পর্যটন।