পীরগঞ্জে গুর্জ্জিপাড়া হাটে অবৈধ স্থাপনা

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জ্জিপাড়া হাটে আবারও অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। এক শ্রেণির অসাধু লোকজন ওই হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট ইউপির ভূমি কর্মকর্তার সাথে যোগসাজস করে নির্বিঘ্নে হাটের জায়গায় পাকা দোকানঘর নির্মাণ করলেও নির্বিকার প্রশাসন। বর্তমান ইজারার মেয়াদ শেষের দিকে ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে সেখানে স্থায়ীভাবে পাকা দোকানঘর নির্মাণ চলছে। ইতিমধ্যে ৩০/৩২ জন ব্যবসায়ী স্থায়ী স্থাপনা নির্মাণ শেষ করেছে। হাট ইজারাদার মোকছেদুর রহমান রাজা বলেন, ডিসিআর মূলে মালিকরা দোকানঘর নির্মাণ করছে। আমরা খাজনা বাবদ কিছু টাকা নিয়েছি। বড়দরগাহ ইউপির চেয়ারম্যান সরওয়ার জাহান মাখন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইজারাদারের কাছে টাকা নিয়ে স্থায়ী দোকানঘর নির্মাণের সুযোগ করে দিয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দেলওয়ার হোসেন বলেন, ওই হাটের অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নোটিস করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ওই হাটে স্থায়ীভাবে পাকা দালানঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।