সড়কে ঝরলো আরো ৯ প্রাণ

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজন, বাগেরহাটের ফকিরহাটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন, মাগুরায় ট্রাকের ধাক্কায় দুই লেদমিস্ত্রী ও জামালপুরে পৃথক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। 

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে শুক্রবার ভোরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়। নিহতরা হলেন ইজিবাইক চালক মিন্টু হোসেন এবং দুই যাত্রী আফতাব হোসেন ও আবদুর রহিম। তাদের বাড়ি সৈয়দপুরের উত্তরা আবাসনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক নিহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপর দুই যাত্রী। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

ফকিরহাট (বাগেরহাট): ফকিরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে দিগন্ত পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৪ জন আহত হয়। এ সময় পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামের ব্যবসায়ী এমাদুল সিকদার (৫০) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়ার পথে ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাস কাঠী গ্রামের জামাল খান (৩০) মারা যান। নিহত দু’জনই মাইক্রোবাসের যাত্রী। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।

মাগুরা: ট্রাকের ধাক্কায় মাগুরার দুই লেদমিস্ত্রী নিহত হয়েছে। এরা হলো পৌর এলাকার বাটিকাডাঙ্গা গ্রামের গনেশ বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস (৩০) ও একই এলাকার পবন বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৫) । বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফরিদপুর যাওয়ার পথে মাগুরা-ফরিদপুর সড়কের মধুখালী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে তাদের দুইজনের লাশ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জামালপুর: দেওয়ানগঞ্জে ট্রাক চাপায় কাপড় ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাতখাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ছামিউল হক(৩০) দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের গোলাপ হোসেনের ছেলে। এদিকে মাদারগঞ্জে শশুরবাড়ির সামনে বাসের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনারিতলা ইউনিয়নের পশ্চিম মুসলিমাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম (২৭) ওই গ্রামের শিপন আকন্দের স্ত্রী।