লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সদর উপজেলার সমাসপুর গ্রামের হাজী ছিদ্দিক উল্যার পুত্র সৌদি প্রবাসী মোঃ মোস্তফা ১১৯ নং রতনপুর মৌজায় ৩ শতাংশ ভূমি খরিদ করে। উক্ত ভূমি খরিদ করার পর হইতে মোঃ মোস্তফা ভোগ দখল করে আসছে। সম্প্রতি উক্ত ভূমিতে বিল্ডিং নির্মাণ করতে গেলে পাশের বাসিন্দা সামছুউদ্দিন বাধা প্রদান করে।
পরে এক সালিশ বৈঠকে সামছুউদ্দিন তার মালিকানার পক্ষে কোন দালিলিক প্রমাণ দিতে পারেনি। তিনি বর্তমান মাঠ জরিপের একটি খতিয়ান উপস্থাপন করেন, যাতে তার নামে ০.৪৪ শতাংশ ভূমি রেকর্ড দেখায়। কিন্তু পরিমাপ করে দেখা যায় তার দখলে আছে ১শতাংশ ১০পয়েন্ট, এরপরও মোঃ মোস্তফার দখলীয় ভূমি দাবি করে বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ করে রাখছে। মোঃ মোস্তফার বৃদ্ধ পিতা হাজী ছিদ্দিক উল্যা প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করেন। কিছুদিন আগে সামছুউদ্দিন প্রবাসী মোস্তফার দুই ভগ্নিপতির বিরুদ্ধে সদর থানায় মারপিট ও লুটতরাজের একটি মিথ্যা মামলা করে। রবিবার এই প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে এবিষয়ে জানতে চাইলে মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী নামপ্রকাশ না করার শর্তে জানান,সামছুউদ্দিনসহ একটি কুচক্রীমহল প্রবাসী মোস্তফার কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে বিভিন্ন প্রকার হয়রানির পথ বেছে নিয়েছে।