প্রচার প্রচারণায় সরগরম স্বরূপকাঠির পৌর এলাকা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
প্রচার-প্রচারণায় সরগরম স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনী মাঠ। নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গোটা পৌর এলাকা। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের প্রতীক ও ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার। ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগসহ চালিয়ে যাচ্ছে উঠান বৈঠক। পৌরসভার মেয়র পদের এ উপ-নির্বাচনে তালা মার্কায় মো. শফিকুল ইসলাম ফরিদ, মো. আবুল কালাম আজাদ দোয়াত-কলম, মো. শওকত আকবর আনারস, মো. গোলাম কবির জাহাজ, মো. ফারুক হোসেন দেয়াল ঘড়ি ও এ কে এম শহিদুল ইসলাম রিপন টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে নেমেছেন। ইতিমধ্যে এ কে এম শহিদুল ইসলাম রিপন, মো. ফারুক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ২৩ ফেব্রুয়ারি পৌরবাসি নির্বাচিত করবেন তাদের পৌর মেয়র।