বাঞ্ছারামপুরে জরাজীর্ণ আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের মনোরম পরিবেশে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয় ৯০ শতক জমির উপর ১৯৯৯ সালে এলাকার কিছু বিদ্যুত্সাহী ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৪০ জন। শিক্ষক-শিক্ষিকা ১০ জন। স্কুল প্রতিষ্ঠার ১১ বছর পর ২০১০ সালের ১৬ মে স্কুলটি এমপিওভুক্ত হয়। নড়বড়ে ভাঙ্গা ২টি টিনের ঘরে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। বৃষ্টি আসলে ছাত্র-ছাত্রীদের খাতাপত্র ভিজে যাওয়ার ভয়ে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুলে বিদ্যুত্ ব্যবস্থা না থাকায় গরমে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে মারাত্মক কষ্ট করতে হচ্ছে। একটি মাত্র টিউবওয়েল তাও আর্সেনিকযুক্ত। পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র না থাকায় ক্লাসের সময় ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে ক্লাস করে। স্কুলের খেলার মাঠ না থাকায় ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারছে না। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, স্কুলে নামে জমি থাকার পরও মাটি ভরাট না করার কারণে ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারছে না।