ময়মনসিংহে জমি
বিরোধে দুইজন নিহত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ময়মনসিংহের প্রত্যন্ত চরাঞ্চাল বোররচর বৈঠামারিতে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি(তদন্ত) মাজেদুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের বৈঠামারি গ্রামে মিজানুর রহমান ও নুরুল ইসলাম পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঐ জমি নিয়ে দুই দলের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহতেরা হচ্ছে মরহুম মহর আলীর পুত্র পশু চিকিত্সক মিজানুর রহমান(৩০) ও রাজ আলী মোড়লের পুত্র কৃষক নুরুল ইসলাম নূরল (৫০)। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত শাবনুর(১৪), পিতা-কদম আলী, বেলায়েত(৫৫) পিতা-মরহুম মহর আলী, এনায়েত(৫০) পিতা-মরহুম মহর আলী, আশরাফুল(৩৬) পিতা-মরহুম মহর আলী, কদম আলী(৪০) পিতা-মরহুম মহর আলী ও নিজাম উদ্দিন(৪৫) পিতা-রাজ আলী মোড়লকে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মৃতদেহ দুটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।