ঈশ্বরদীতে সাব-রেজিস্ট্রার
না থাকায় ভোগান্তি
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
ঈশ্বরদীতে নিয়মিত সাব-রেজিস্র্বার না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন জমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষ । জানা গেছে, সপ্তাহে ২ দিন বুধ ও বৃহসপ্রতিবার সাব রেজিস্ট্রার এখানে জমি রেজিস্ট্রির কাজ করার কথা। এই ২ দিন প্রথম শ্রেণীভুক্ত পৌর এলাকা ও উপজেলার ৭টি ইউনিয়নের মানুষ তাদের জমা-জমি ক্রয়-বিক্রয়ের আইনি কাজ সম্পাদনের সুযোগ পান। কিন্তু নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার মানুষ। উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, বেশিরভাগ সময়ই সাব রেজিস্ট্রার নেই। সাব-রেজিস্ট্রার না থাকা সত্ত্বেও রেজিস্ট্রি অফিসের মহুরিরা ক্রয়-বিক্রয়কারীদের কাছ হতে খরচের টাকা নিয়ে দীর্ঘ সময় তাদের বসিয়ে রাখছেন। উপজেলার চরগড়গড়ি থেকে জমি রেজিস্ট্রি করতে আসা সমিরন বেগম আক্ষেপ করে বলেন, ২০ কিলোমিটার দূর হতে সকালে জমি রেজিস্ট্রি করতে এসে দীর্ঘক্ষণ বসে আছি। বিকাল বেলা জানতে পারলাম রেজিস্ট্রার সাহেব বসবেন না। সারাদিন বসে থেকে এখন বাড়ি চলি যাচ্ছি। ঈশ্বরদী রেজিস্ট্রি অফিসে নিয়মিত একজন সাব-রেজিস্ট্রার নিয়োগদানের জন্য ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন