কেপটাউন টেস্ট
পরাজয়ের মুখোমুখি পাকিস্তান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
প্রথম ইনিংসে লিড নেয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় গতকাল রবিবার ম্যাচের চতুর্থ দিনেই পরাজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে সফরকারি পাকিস্তান। ১৮২ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নামা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ওপেনার অলিভার পিটারসেনের উইকেটটি হারিয়ে সংগ্রহ করেছে ৪৫ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র সাত রানে দুই উইকেট হারানো পাকিস্তান আজহার আলী এবং অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাটে ভর করে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠে। তিন উইকেটে ১০০ রান নিয়ে দিন শেষ করে তারা। তবে আজ দিনের শুরুতে দলের স্কোর বোর্ডে মাত্র ১৪ রান যোগ করার পরেই রবিন পিটারসেনের শিকারে পরিণত হয়ে ফিরে যান মিসবাহ। এরপরে আজহার উইকেটের এক প্রান্ত আঁকড়ে থাকলেও পেসার ভার্নন ফিল্যান্ডারের বোলিং তোপে অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। ব্যক্তিগত ৬৫ রানে আজহারকেও ফিল্যান্ডার ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয়ে যায় ১৬৯ রানে। ফিল্যান্ডার ৪০ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।
প্রথম ইনিংসে ছয় রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮২ রান। দলীয় ৪৫ রানে উইকেটে দুই অপরাজিত ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।