দায়িত্বশীল ব্যাটিংই জেতাবে ভারতকে
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
পাকিস্তানের ন্যায় ভারতেও তাকে অনেকে ভালবাসে এবং অনেক বন্ধু আছে— একথা স্বীকার করতে কখনোই ইতস্তত বোধ করেন না ওয়াসিম আকরাম। অবসর নেয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট দলে উন্নতির দিকে গভীরভাবে দৃষ্টি রেখে আসছেন এবং ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজে তার অভিজ্ঞ মত দিতে আসবেন। এই মুহূর্তে ভারতের একটা ভাল অবস্থা আছে বলে মনে করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাত্কারে অনেক বিষয়েই আলোকপাত করেন তিনি।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাবনা কতটুকু মনে করছেন?
আকরাম : ফেভারিট হিসেবেই ভারত সিরিজ শুরু করবে। আমার জীবনে দেখা এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে অনভিজ্ঞ দল। তাদের ব্যাটিং লাইন আপ অনভিজ্ঞ যদিও তারা অনেক মেধাবী। বিশেষ করে মিডল অর্ডারে তাদের অনভিজ্ঞতাটা চোখে পড়ার মত যা ভারতীয় স্পিনারদের জন্য একটা সুযোগ। রিকি পন্টিং এবং মাইক হাসি দলে নেই। অবশ্যই মাইকেল ক্লার্ক অসাধারণ ফর্মে আছে এবং তাদের দলে বাঁ-হাতি ডেভিড ওয়ার্নার ও ফিল হিউজের মত মেধাবী ব্যাটসম্যান আছে। তারা দু’জনেই বেশ আক্রমণাত্মক। কিন্তু টেস্ট ক্রিকেট ভিন্ন খেলা।
এমনকি নতুন বলেও ভারতীয় অফ স্পিনাররা তাদের সমস্যায় ফেলতে পারে। টার্নিং উইকেটে খেলতে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতীয় দল কিছুটা ফর্মে ফিরেছে। আমি মনে করি ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা সত্তর ভাগ।
প্রশ্ন : কোন বিভাগে ভারত এগিয়ে আছে?
আকরাম : ব্যাটিং বিভাগে ভারতীয় দলের অনেক সুবিধা আছে। তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে ব্যাট করে তবে তারা সিরিজ জয় করবে। তাদের ব্যাটসম্যানদের ব্যাট হাতে ধৈর্যশীল হতে হবে। শচিন টেন্ডুলকারের কাছ থেকে অবশ্যই তাদের দেড়দিন ব্যাট করার কৌশল শিখতে হবে। এই তরুণ দল এটা করতে এখনো অপারগ। তুমি কেবলমাত্র তোমার শট খেল।
প্রশ্ন : আপনি কি মনে করেন গম্ভীরের মত একজনকে দল থেকে বাদ দেয়া সঠিক হয়েছে?
আকরাম : গম্ভীরের মত একজন ম্যাচ উইনার যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে অবশ্যই অধিনায়ক ও নির্বাচকরা তাকে বাদ দেবে। তাকে আত্মবিশ্বাসী হতে সুযোগ দিতে হবে। তার বয়স মাত্র ৩১ বছর, ৩৭ নয়। এমন ধরনের একজন ব্যাটসম্যানকে ফর্মে ফিরতে এবং আবারো ফুটওয়ার্ক ঠিক করতে প্রয়োজন একটা ইনিংস। সব ফরমেটেই সে একজন বিশ্বমানের ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে তোমার প্রয়োজন একজন অভিজ্ঞ খেলোয়াড়। সে বাদ পড়ায় আমি অনেক কষ্ট পেয়েছি।
প্রশ্ন : সিরিজ নির্ধারণে কোন বিষয়টি মুখ্য হয়ে উঠবে?
আকরাম : রিভার্স সুইং। এসজি টেস্ট বল অনেক বেশি রিভার্স করে। বল যে বেশি রিভার্স করাতে পারবে লড়াইয়ে সেই জিতবে। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড সিরিজ জিতেছে। কারণ প্রতিপক্ষের বোলারদের মত তারা দু’বার রিভার্স করাতে পেরেছে। মাঝামাঝি সময়ে যখন একটা ভাল পার্টনারশীপ গড়ে উঠবে সে সময় ফাস্ট বোলারদের এ কাজটা করতে হবে।
প্রশ্ন : দুই দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে হবেন বলে আপনি মনে করেন?
আকরাম : ভারতের জন্য এটা হবে শেবাগ ও হরভজন। অস্ট্রেলিয়ার মূল খেলোয়াড় হবেন
ক্লার্ক ও মিশেল স্টার্ক। - বাসস