প্রেসিডেন্ট আসাদের যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত :নাভি পিল্লাই

যুদ্ধাপরাধের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব সমপ্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার যুক্তরাজ্যের চ্যানেল ফোর নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে পিল্লাই বলেন, “ না তবে হওয়া উচিত।” তিনি বলেন, “১৮ মাস আগেই আমি এমন আহ্বান জানিয়েছিলাম। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আমি বলেছিলাম, প্রেসিডেন্ট আসাদের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য মিত্র বাহিনী মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।” “নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে একটি অভিযোগ জানানো উচিত। তার নিজের জনগণের ?বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিষয়ে আমি নিজে সাক্ষ্য দেবো,” বলেন তিনি। তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বাধ্য করার মতো অনেক সুযোগ নিরাপত্তা পরিষদের আছে। তবে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আসাদের মিত্র রাশিয়া ও চীন বাধা দেবে বলেই মনে করা হয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার নাভি পিল্লাই সমপ্রতি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগামী কিছুদিনের মধ্যেই ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে।