পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। সুন্নি চরমপন্থী গোষ্ঠি এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কোয়েটার হাজারা শিয়াদের এলাকার একটি সবজি বাজারে এ বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলে একটি ভাষা শিক্ষার স্কুল ও একটি কম্পিউটার সেন্টারও ছিল। হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। হতাহতদের অধিকাংশই শিয়া মুসলিম বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। সুন্নি চরমপন্থী সংগঠন লস্কর ই জাঙ্গভি হামলার দায় স্বীকার করেছে। বোমা হামলার স্থানটিতে পুড়ে যাওয়া স্কুলব্যাগ ও ছিন্নভিন্ন বইখাতা পড়ে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী। ট্রাক্টরের ট্রেইলারের মধ্যে রাখা একটি পানির ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা ৭০ থেকে ৮০ কেজি ভরের একটি বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোয়াটার পুলিশ প্রধান মির জুবাই মেহমুদ। কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক ওয়াজির খান নাসির বলেছেন,“শিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।” গত মাসে কোয়েটায় শিয়াদের লক্ষ্য করে চালানো অপর এক বোমা হামলায় প্রায় একশ’ মানুষ নিহত হয়েছিল।