সারাদেশে গতকাল শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ঘন্টার এমসিকিউ টাইপের এই পরীক্ষায় ৩ লাখ ২৭ হাজার ৫২৫ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করলেও উপস্থিতির হার ছিলো ৭৯ দশমিক ৭০ শতাংশ। সবচেয়ে বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলো ময়মনসিংহ কেন্দ্রে আর কম ছিলো ঢাকা কেন্দ্রে। পরীক্ষায় ৮৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এদিকে যোগ্য শ্রুতিলেখক রাখতে আদালতের নির্দেশনা না মানার অভিযোগ এনে ৪০তম বিসিএস পরীক্ষায় অংশ নেননি দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা। শুক্রবার পরীক্ষা বর্জন করে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগ দিয়ে নিয়মানুযায়ী পরীক্ষার ব্যবস্থা করতে তারা নানা স্লোগান দেয়। প্রতীকী অনশনে শতাধিক প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়।