লিবিয়ায় খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে গ্রেফতার চার

খ্রিস্টান মিশনারি সন্দেহে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজি থেকে চার বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। নিরাপত্তা কর্মকর্তা হুসেন বিন হামিদ বলেছেন, “একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। ওই প্রতিষ্ঠানটিতে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান সম্বলিত কয়েক হাজার বই ছাপানোর কাজ করছিল তারা।” “লিবিয়ায় ধর্মান্তরিত করা আইনত নিষিদ্ধ। আমাদের দেশের শতভাগ মানুষ মুসলমান। এ ধরনের কার্যক্রম আমাদের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে,” বলেন তিনি। লিবিয়া পুলিশের প্রতিরোধ ইউনিটের মুখপাত্র হামিদ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মিশরীয়, একজন দক্ষিণ আফ্রিকান, একজন কোরিয়ান ও অপরজন সুইডিশ বংশোদ্ভূত হলেও সবাই যুক্তরাস্ট্রের পাসপোর্টধারী। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই এদের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।