নোয়াখালী কলেজে রাজীব হত্যার প্রতিবাদ অনুষ্ঠানে হামলার অভিযোগ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
নোয়াখালী সরকারি কলেজের শহীদ মিনারে ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অনুষ্ঠান চলাকালে ছাত্রদল কর্মীদের হামলার অভিযোগ পাওয়া যায়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৈকত মজুমদার (২৮) ও ইদ্রিস মিয়া ওরফে রাসেল (২৬) নামে দুই কলেজ ছাত্র আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১০টার দিকে রাজীব হত্যার প্রতিবাদে জাগরণী সংগীত অনুষ্ঠান চলার এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা স্নাতক সম্মান শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণকালে মিছিল থেকে কয়েকজন শহীদ মিনারে গিয়ে তাদের কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ তোলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সৈকত মজুমদার ও ইদ্রিস মিয়াকে কিল-ঘুষি মারে ছাত্রদল কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজগর উদ্দিন ওরফে দুখু হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রদল শান্তি মিছিল করছিল। এ সময় শহীদ মিনার থেকে উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান দেয়ায় মিছিল থেকে কয়েকজন গিয়ে প্রতিবাদ জানায়, তবে কোন মারামারি হয়নি। সুধারাম থানার ওসি মীর জাহিদুল হক বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।