ন্যাটো বিমান হামলা সীমিত করার আহ্বান কারজাইয়ের

বিদেশি সৈন্যদের সহযোগিতায় আফগানিস্তানের আবাসিক এলাকাগুলোতে বিমান হামলা না চালানোর নির্দেশ দেয়া হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীকে। এছাড়া এ ধরনের হামলা যাতে কম হয় সে লক্ষ্যে গতকাল রবিবার এক ডিক্রি জারি করার কথা বলেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। গত শনিবার কাবুলে আফগান ন্যাশনাল মিলিটারি একাডেমিতে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর কয়েক দিন আগে পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ন্যাটো বিমান হামলায় ১০ বেসামরিক নিহত হয়। এদিকে ডিক্রি পুরোপুরি প্রকাশ না হওয়া পর্যন্ত আফগানিস্তানে ন্যাটো পরিচালিত বাহিনী কোন প্রতিক্রিয়া জানাবে না বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ন্যাটো বিমান হামলা ও বেসামরিক হতাহতের ঘটনায় কারজাই ও তার আন্তর্জাতিক মিত্রদের মধ্যে সম্পর্ক শীতল হতে শুরু করেছে। এই ডিক্রি জারি ২০১৪ সালের মধ্যে দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টিকে আরো হুমকির মুখে ফেলবে।