শিক্ষা কর্মকর্তাকে আটকে রাখলেন ইউপি চেয়ারম্যান

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খানকে এক ইউপি চেয়ারম্যান আটক করে ঘুষের টাকা ফেরত চেয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা ঘুষ নিয়েছেন বলে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর অভিযোগ করেন। গত বৃহস্পতিবার উপজেলা সদরের একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। তবে থানায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

জানা গেছে, দুপুরের খাবার খেতে ওই হোটেলে এসেছিলেন শিক্ষা কর্মকর্তা। এ সময় চেয়ারম্যান অন্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বলেন, ‘টাকা না দিলে যেতে পারবেন না’। নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেন শফিকুল। তিনি বলেন, অন্তর তার নিকট সাত লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ৪/৫ দিন আগেও মোবাইলে চাঁদার টাকা চেয়েছেন।