চলন্ত ট্রেন থেকে পড়ে কলেজছাত্র নিহত

রাজধানীর জুরাইনে তুরাগ এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে রাকিবুল ইসলাম ওরফে হূদয় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। নিহত হূদয়ের বন্ধু রায়হান জানান, প্রতি দিনের মতো গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে হূদয় পাগলা থেকে নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলাচলকারী তুরাগ এক্সপ্রেস ট্রেনে চড়েন। ট্রেনে দাঁড়িয়ে থাকার মতো কোন জায়গা ছিল না। তিনি ট্রেনের দরজায় ঝুলে ঢাকা আসছিলেন। ট্রেনটি সকাল পৌনে দশটার দিকে জুরাইন এলাকা দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাশে থাকা একটি বাঁশ হূদয়ের শরীরে লাগে। এতে হূদয় ট্রেন থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন। নিহত হূদয়ের বাড়ি নারায়ণগঞ্জ ভুঁইঘর এলাকায় বলে জানা গেছে।