ঢাকায় আন্তর্জাতিক
স্থপতি সম্মেলন
শুরু কাল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
ঢাকায় কমনওয়েলথভুক্ত দেশের স্থপতিদের (কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আরকিটেকটস-এসিসি) আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামীকাল। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন। রূপসী বাংলা হোটেল ও জাতীয় জাদুঘরে সম্মেলনের নানা আয়োজন অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে আগামীকাল থেকে প্রদর্শনী শুরু হবে। গতকাল রবিবার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ইনিস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন জানান, কমনওয়েলথভুক্ত ২১ টি দেশের স্থপতি ও সহস্রাধিক স্থানীয় স্থপতি এতে অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে আছেন জগদ্বিখ্যাত ব্রিটিশ স্থপতি ডেভিড আজেয়, অস্ট্রেলিয়ার কেরী হিল, ভারতের বিজয় জেন, বাংলাদেশের খ্যাতিমান প্রবাসী স্থপতি শামসুল ওয়ারেস, নাহাজ খলিল ও কাসেফ মাহবুব চৌধুরী প্রমুখ। কাল নির্মাণসামগ্রী প্রদর্শনীর উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জাতীয় জাদুঘরে স্থাপত্য প্রদর্শনী। এই প্রদর্শনীটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২০ ফেব্রুয়ারি স্থপতিদের ফটোগ্রাফি, চিত্রকলা ও শিল্পকর্ম নিয়ে গ্যালারী চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। ২৪ ফেব্রুয়ারি সকল বিদেশি অতিথিদের বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য জাতীয় সংসদ ভবন পরিদর্শনের মাধ্যমে ৬ দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটবে।