রাজীব-জাফর হত্যাকাণ্ডে
সংসদে নিন্দা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
জাতীয় সংসদে ব্লগার আহমেদ রাজীব হায়দার ও অগ্রণী ব্যাংকের লিফটম্যান জাফর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে এ দু’টি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। গতকাল রবিবার বিকালে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে আওয়ামী লীগের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদসহ কয়েকজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার দাবি করলে স্পিকার একমাত্র তোফায়েল আহমদকে ফ্লোর দেন।
তোফায়েল বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন ব্লগার রাজীব। এছাড়া অগ্রণী ব্যাংকের লিফটম্যান জাফরকেও হত্যা করা হয়েছে। আমরা চাই সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হোক।
স্পিকার বলেন, সংসদ তার নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয়। এক মিনিট নিরবতা পালনের নিয়ম নেই। তবে আমি হাউজের সেন্টিমেন্ট বুঝি। আমি সংসদের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।