শ্রীলংকায় রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি ডিসিসিআই’র

শ্রীলংকায় বাংলাদেশি কিছু পণ্যের প্রবেশে শুল্ক মুক্ত সুবিধা চাইলো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। চেম্বার সভাপতি মোঃ সবুর খানের সাথে বাংলাদেশস্থ শ্রীলংকার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা গতকাল চেম্বার ভবনে সাক্ষাত্কালে এ আহ্বান জানানো হয়। শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান শ্রীলংকার হাইকমিশনারকে বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ে রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিসিসিআই সভাপতি শ্রীলংকায় ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পের ক্ষেত্রে শুল্ক মুক্ত সুবিধা প্রদান এবং বাংলাদেশ থেকে এসব পণ্য আরো বেশি হারে আমদানির আহ্বান জানান। ডিসিসিআই সভাপতি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের সাথে শ্রীলংকার কলোম্বো ও ট্রিনকমলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের উপর জোর দেন। তিনি জানান, বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার “ডিসিসিআই হেল্প ডেস্ক” খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ নিজেদের কাঙ্ক্ষিত উদ্যোক্তা খুঁজে পাবেন। হাইকমিশনার এস কে ওয়েরাগোদা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানিতে শ্রীলংকার হামবানটোটা সমুদ্র বন্দর ব্যবহারের প্রস্তাব দেন। তিনি বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দকে শ্রীলংকায় ওষুধ শিল্পে আরো বিনিয়োগের আহ্বান জানান।