অবৈধরা ৮ বছরের
মধ্যে বৈধ স্থায়ী
বাসিন্দা হবেন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। ওবামা প্রশাসনের খসড়া অভিবাসন নীতিতে আট বছরের মধ্যে এদের যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। খবর রয়টার্সের।
খসড়া নীতি অনুযায়ী অবৈধ অভিবাসীরা ‘আইনানুগ প্রত্যাশিত অভিবাসন’ ভিসার জন্য আবেদন করতে পারবেন। যদি সেটা অনুমোদন পায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের বাইরে থাকা তাদের স্ত্রী এবং শিশুদের জন্য ভিসার আবেদন করতে পারবেন। হোয়াইট হাউজ মূলত দেশটিতে বাস করা ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে কীভাবে নাগরিকত্ব দেয়া যায় সে বিষয়টির ওপর জোর দিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা তাদের কর্মচারীদের (অবৈধভাবে বাস করা) বিষয়ে তথ্য যাচাইয়ে চার বছর সময় পাবেন। বৈধ অভিবাসীদের প্রথমে একটি পরিচিতি কার্ড দেয়া হবে। আট বছরের মধ্যে তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাদের যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে ভালভাবে জানতে হবে। এরপর তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন।
ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ওবামার খসড়া অভিবাসন নীতি প্রত্যাখ্যান করে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার না করে এই বিল পাস হলে সমস্যা আরো বাড়বে। রিপাবলিকানদের সঙ্গে অভিবাসন নীতি নিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে অনেক আগে থেকেই। অভিবাসন নীতির ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী অঙ্গীকার ছিল। তবে গত মাসে কংগ্রেসের চারজন রিপাবলিকান এবং চার ডেমোক্র্যাট সদস্য একত্রে অভিবাসন নীতির একটি পরিকল্পনা প্রকাশ করেন।