জামায়াতকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করতে হবে :ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জামায়াত দলগতভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ৭১-এর যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। তাই যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে দলগতভাবেই নিষিদ্ধ করতে হবে। ১৯৭১ সালে জামায়াত ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। গতকাল রবিবার জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ১৪তম হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশ আজ এক কঠিন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। তিনি বলেন, ১৪ দলের ঐক্যকে আরো জোরদার করে এই যুদ্ধকে বিজয়ের পথে এগিয়ে নিতে হবে। জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ, কাজী আরেফ আহমেদের ছোট ভাই কাজী মাসুদ প্রমুখ।