জাবিতে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান বাম শিক্ষকদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান কর্মবিরতি কমূর্সচি প্রত্যাহারের আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বামপন্থি ২০ জন শিক্ষক এক লিখিত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে সুযোগ্য প্রক্টর ও প্রক্টরিয়াল বডি নিয়োগ করা, জরুরি ভিত্তিতে চিকিত্সা কেন্দে রদবদল করে প্রধান মেডিক্যাল অফিসারসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রশাসনিক জবাবদিহিতার আওতায় আনা, চিকিত্সা কেন্দে র সংস্কার ও সুচিকিত্সার ব্যবস্থা নিশ্চিত করা, ক্যাম্পাসে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া। শিক্ষক সমিতির কাছে দাবিগুলোর মধ্যে রয়েছে পদ দখল করতে শিক্ষা কার্যক্রমকে জিম্মি না করা, ১৩ ফেব্রুয়ারি জরুরি সাধারণ সভায় শিক্ষক সমিতির সিদ্ধান্ত ও তত্পরতা রিভিউ করে দূর্বলতাগুলো সম্বন্ধে শিক্ষকদের অবহিত করা প্রভৃতি। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক আনু মুহাম্মদ, নাসিম আখতার হোসাইন, মানস চৌধুরী, সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, রায়হান রাইন প্রমুখ