মেঘনা ও গোমতী সেতু
এলাকায় ইঞ্জিন নৌকায়
ইচ্ছেমত ভাড়া আদায়
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। গতকাল রবিবার এক্সপানশন জয়েন্টগুলোর পূর্বের ঢালাই ভাঙ্গার কাজ হয়েছে। একযোগে এক্সপানশন জয়েন্টগুলোর নতুন ঢালাই হবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়।
কুমিল্লা থেকে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ঢাকার নিকটবর্তী ঢাকা-হোমনা, দাউদকান্দি-ঢাকা, মুরাদনগর-ঢাকা, ইলিয়টগঞ্জ-ঢাকা, কচুয়া-ঢাকা, মতলব-ঢাকাসহ ১০টি রুটের যাত্রীদের জন্য কোন বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি এবং মেঘনা ঘাটে যাত্রীদের কাছ থেকে ইঞ্জিনচালিত নৌকার মাঝিরা ইচ্ছামত ভাড়া আদায় করছে। ১০টাকার ভাড়া মাঝিরা বিশ টাকা এবং ক্ষেত্র বিশেষে আরো বেশি আদায় করছে। স্থানীয় প্রভাবশালীদের মদদে মাঝিরা অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া যায়। ‘মাস্তানদেরকে চাঁদা দিতে হয়’ বলে জানা যায়। দু’টি নদীতে হাজার হাজার যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় পার হচ্ছে।