ক্রিকেট প্রসঙ্গে অনন্ত
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৩
সম্প্রতি একটি টিভি টক শোতে সময়ের আলোচিত অভিনেতা-প্রযোজক এম এ জলিল অনন্ত তার ক্রিকেট প্রীতি নিয়ে কথা বলেন। তবে এবারে তিনি তার আগামী ছবিতে ক্রিকেট তারকার অংশগ্রহণ ও ক্রিকেট বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি চ্যানেল নাইনে বিপিএলের আনুষ্ঠানিকতা নিয়ে অনন্ত বলেন, ‘বিপিএলের সাথে আমি সহমত পোষণ করি, কারণ আমাদের দেশে লগ্নি ওঠা না ওঠার এত ঝুঁকির ভেতরেও বিপিএলের মতো এত বড় আয়োজন তারা করার সাহস নিয়েছেন এটিই সবচেয়ে বড় কথা। এ কারণে আমি শুরু থেকে বিপিএলএর দারুণ ভক্ত। অনেকেই প্রশ্ন করেছেন এমনকি বিপিএল এর বিভিন্ন দলে টানার চেষ্টা করেছেন। তাদেরকে আমি শুধু একটি কথাই বলেছি যে, বিপিএলের প্রতিটি দলই আমার ফেভারিট। কারণ প্রায় প্রতিটি দলেই আমার প্রিয় খেলোয়াড়রা খেলছেন। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমরা বাংলাদেশি বিশ্বাকাপ ক্রিকেটের সময় দেখেছি, লাইন ধরে টিকেট কিনতে তেমনি বিপিএলও খুব শিগগিরই সে জনপ্রিয়তায় পৌঁছে যাবে।’ উল্লেখ্য, এম এ জলিল অনন্ত তার ‘মোস্ট ওয়েলকাম’-এর সাফল্যের পর খুব শিগগিরই এর দ্বিতীয় সিক্যুয়েলের শুটিংয়ের কাজ শুরু করবেন। এরই মধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এবং এই ছবির বেশ কিছু সিক্যুয়েন্সে বিপিএল ও ক্রিকেট প্রসঙ্গ থাকতে পারে বলে জানান তিনি।