পাইপলাইন নির্মাণের বিরুদ্ধে ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি বিতর্কিত ‘কিস্টোন এক্সএল’ পাইপলাইন প্রস্তাব প্রত্যাখ্যান করার আহবান জানিয়ে হাজার হাজার মানুষ রবিবার ওয়াশিংটন ন্যাশনাল মলের সামনে সমবেত হয় এবং হোয়াইট হাউজের কাছে বিক্ষোভ করে। তারা প্রেসিডেন্টকে তার উদ্বোধনী ভাষণের প্রতি সম্মান দেখিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করারও আহবান জানায়। ‘ফরওয়ার্ড অন ক্লাইমেট’ নামে ঐ কর্মসূচির সংগঠকরা জানিয়েছে, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও ৩০টি রাজ্যের প্রায় ৩৫ হাজার মানুষ ওয়াশিংটনে জমায়েত হয়। এটাকে তারা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরিবেশ নিয়ে সবচেয়ে বড় র্যালি হিসেবে দাবি করেছে। যদিও পুলিশ জমায়াতের আকার যাচাই করেনি। বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের কাছাকাছি চারদিকে মিছিল করে এবং ‘কিস্টোন পাইপলাইন নিপাত যাক’ বলে শ্লোগান দেয়। এমন এক সময় এই কর্মসূচিটি পালন করা হলো যার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিনেটররা ওবামার প্রতি ৫.৩ বিলিয়ন মার্কিন ডলারের ঐ পাইপলাইন অনুমোদন দেয়ার আহবান জানায়। রবিবারের কর্মসূচির অন্যতম প্রধান সংগঠক ও পরিবেশকর্মী বিল ম্যাককিবেন জানান, এই পাইপলাইনের মাধ্যমে উত্তর আলবার্টার মরুভূমি থেকে অশোধিত তেল পরিশোধনাগারগুলোতে এবং টেক্সাসের বন্দরে আনা হবে। তিনি এই পাইপলাইনকে ‘কার্বন বোমা’ বলে অভিহিত করেন, যা জলবায়ুর অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। ম্যাককিবেন বলেন, ২৫ বছর ধরে সত্যিকার অর্থে আমাদের সরকারগুলো জলবায়ু সংকটকে অবহেলা করেছে। ট্রান্সকানাডা কর্পোরেশনের প্রস্তাবিত এই পাইপলাইনটি প্রায় চার বছর ধরে ঝুলে ছিল। গত মাসে রাজ্যের গভর্নর কিছু সংবেদনশীল এলাকা এড়িয়ে নেব্রাস্কার মধ্যদিয়ে নতুন একটি রুটের অনুমোদন দেয়।