মহিলা বিশ্বকাপ ক্রিকেট

অজিদের শিরোপা পুনরুদ্ধার

ছেলেদের বিশ্বকাপ শুরু হওয়ার দু’বছর আগে থেকে চলছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট। আর সেই আমল থেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল। এবারের ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। ২০০৯ সালে না পারলেও এবারের বিশ্বকাপ ঘরে তুললো তারা। রবিবার ভারতের মুম্বাইয়ে এক তরফা ফাইনালে অজিরা ১১৪ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপে এটা তাদের ষষ্ঠ শিরোপা। ১৯৭৩ সালের প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর (১৯৭৮, ১৯৮২ এবং ১৯৮৮) টানা তিন বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার। ১৯৯৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দ্বিতীয় শিরোপা জিতলেও ৯৭ সালে ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০০ সালে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয় নিউজিল্যান্ড। পরের বিশ্বকাপ ২০০৫ সালে অস্ট্রেলিয়ার এবং ২০০৯ সালে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ইংল্যান্ড। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ফাইনালটা হয়ে যায় একপেশে। টসে জিতে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে ২৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাদের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানই ছিলেন দারুণ ফর্মে। মেগ ল্যানিং, র্যাচেল হেইন্স এবং জেস ক্যামেরোনের ব্যাটে রান এসেছে। এদের মধ্যে জুটিও হয় বেশ। প্রথম উইকেটে ল্যানিং এবং হেইন্স ৫২, হেইন্স-ক্যামেরোনের দ্বিতীয় জুটিতে ৬৪, চতুর্থ উইকেটে ক্যামেরন ও থালেকার ৫৫ এবং অষ্টম জুটিতে ফিল্ডস এবং পেরির ৫০ রান সাত উইকেটে বড় সংগ্রহ এনে দেয় অস্ট্রেলিয়াকে। ল্যানিং ৩১, হেইন্স ৫২, ক্যামেরন ৭৫, ফিল্ডস ৩৬ ও পেরি ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শ্যাকুয়ানা কুয়েন্টিনি ১০ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অজিদের বোলিংয়ের সামনে পেরে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অজি বাহিনীর দাপুটে বোলিংয়ের সামনে ক্যারিবীয় নারী দলের ইনিংস গুটিয়ে যায় ১৪৫ রানে। একটিও ভালো জুটি গড়তে দেয়নি অস্ট্রেলিয়ান বোলাররা। পেরি তিনটি, লিসা স্থ্যালেকার, অসবর্ন ও মেগান চার্ট দুটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ক্যারিবীয় ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান মেরিসা আগুলেইরা। ক্যামেরন ফাইনালের সেরা আর নিউজিল্যান্ডের সুজি বেটস টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২৫৯/৭ (৫০ ওভার; মেগ ল্যানিং ৩১, র্যাচেল হেইন্স ৫২, জেস ক্যামেরন ৭৫, জোডি ফিল্ডস ৩৬ অপরাজিত; শ্যাকুয়ানা কুয়েন্টিনি ৩/২৭) ওয়েস্ট ইন্ডিজ: ১৪৫/১০ (৪৩.১ ওভার; কিসোনা নাইট ২১ অপরাজিত, মেরিসা অ্যাগুলেইরা ২৩, দিয়েন্দ্রা ডোটিন ২২; এলিস পেরি ৩/১৯, এরিন অসবর্ন ২/২৬, লিসা স্থ্যালেকার ২/২০) ফল: অস্ট্রেলিয়া ১১৪ রানে জয়ী ম্যাচ সেরা: জেস ক্যামেরন টুর্নামেন্ট সেরা: সুজি বেটস