ইনডোর সেরা দেল পোত্রো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৬
জুলিয়ান বেনেটেকে হারিয়ে নেদারল্যান্ডসের রটারডামে এবিএন আমরো বিশ্ব ইনডোর টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতলেন হুয়ান মার্টিন দেল পোত্রো। এই আর্জেন্টাইন গত রবিবারের ফাইনালে ৭-৬ (২), ৬-৩ গেমে হারান বেনেটেকে।
কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে দেয়া বেনেটে গতকালও ছিলেন দারুণ ফর্মে। ফলে ম্যাচের প্রথম সেটে টুর্নামেন্টে প্রথমবারের মতো পোত্রোকে নিজের সার্ভে দুইবার পয়েন্ট খোয়াতে হয়। তবে বেনেটের সার্ভে আবার ঠিকই পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া প্রথম সেটে জয় পান ২০০৯ সালের ইউএস ওপেন শিরোপাজয়ী এই তারকাই। এরপর দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় তুলে নিয়ে নিশ্চিত করেন গত বছরের মতো এবার আর ফাইনাল থেকে শূন্য হাতে ফিরছেন না তিনি। ফলে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ফাইনালে এসেও জয় শূন্যই থাকতে হলো ফরাসি বেনেটেকে।