দারুণ শুরুর পরও হেরে গেল বাংলাদেশ

ওয়ার্ল্ড হকির প্রথম ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত বাংলাদেশ হার নিয়ে মাঠ ছেড়েছে। দিল্লীর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বাংলাদেশ ৫-২ গোলে হরেছে আয়ারল্যান্ডের কাছে। অথচ এই ম্যাচেই বাংলাদেশ শুরুতে ২-০ গোলে এগিয়ে ছিল। শক্তির বিবেচনায় বাংলাদেশের তুলনায় ঢের এগিয়ে আছে আয়ারল্যান্ড। হকির আন্তর্জাতিক র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান ১৫। আর বাংলাদেশের অবস্থান ৪০। বিরাট ব্যবধান। ফলে আশঙ্কা ছিল আয়ারল্যান্ড গুঁড়িয়ে দেবে বাংলাদেশকে। কিন্তু মাঠের বাইরের এসব সমীকরণ দূরে ঠেলে দিয়ে জিমি, চয়ন, কৌশিকরা একটা দারুণ সূচনা করেছিলেন। ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের হকি অনুরাগীরাও টিভির পর্দায় খেলা দেখে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন। ম্যাচের ১৫ মিনিটে তরুণ ফরোয়ার্ড মইনুল ইসলাম কৌশিকের গোলটি আশার আলো দেখায়। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন দারুণ হিট করে ব্যবধান দ্বিগুণ করে দেন। কিন্তু এরপর দ্রুতই খেলায় ফিরে আসে আইরিশরা। ২২, ২৯ এবং ৩৪ মিনিটে তিন গোল করে আয়ারল্যান্ড এড়িয়ে যায় ৩-২ ব্যবধানে। অবশ্য এর মধ্যে বাংলাদেশ আরো একবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। আয়ারল্যান্ড দ্বিতীয়ার্ধে যেন আরো আক্রমণাত্মক হয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই ভয়ানক চেহারার আয়ারল্যান্ডকে লিড অনেক বড় করতে দেননি গোলরক্ষক জাহিদ। কয়েকটি আক্রমণ অসাধারণ দক্ষতায় ফিরিয়েছেন। তারপরও দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে ম্যাচটা ৫-২ ব্যবধানে শেষ হয়। আয়ারল্যান্ডের সদার্ন ৩টি এবং কারগো এবং উডোঙ্গো ১টি গোল করেন কাল ওয়ার্ল্ড হকির দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হলো দিল্লীতে। এই পর্ব থেকে দুটি দল তৃতীয় পর্বে উঠবে বলে জানা গেছে। বাংলাদেশ আগামীকাল চীনের বিরুদ্ধে খেলবে।