প্রকাশকদের মুখে খুশির ঝিলিক

হরতাল আর হিম শীতল বাতাসকে উপেক্ষা করে বইপ্রেমীরা বই মেলায় ভিড় জমিয়েছিল। আর তা দেখে প্রকাশকদের মুখেও হাসির ঝিলিক দেখা দেয়। প্রকাশকরা সোমবারের মেলা নিয়ে বলেন, ভালো একটি দিন গেল। তারা আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলো ভালো কাটবে। একদিন আগে বৃষ্টি হওয়াতে মেলা ছিল ধুলামুক্ত। পাঠকরা মেলায় স্বস্তি নিয়ে ঘুরতে পেরেছেন। বিকাল থেকে মেলায় ভিড় বাড়তে থাকে আর সন্ধ্যা গড়াতে না গড়াতেই পুরোদমে জমে ওঠে মেলা। পাঠকেরা ঘুরে ফিরে প্রিয় লেখকের নতুন বই নিয়ে ঘরে ফেরেন। বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ঘোষণা : সোমবার বিকালে ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে আটজনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে— কবিতায় সানাউল হক খান ও আবিদ আনোয়ার, কথাসাহিত্যে হরিশংকর জলদাস, প্রবন্ধে সনত্কুমার সাহা, গবেষণায় খোন্দকার সিরাজুল হক, শিশু সাহিত্যে মাহবুব তালুকদার, অনুবাদ সাহিত্যে ফকরুল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মাহবুব আলম এবং বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ সাহিত্যে তপন চক্রবর্তী। সোমবার বিকালে মেলামঞ্চে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কার ঘোষণা করেন। ঘোষণাকালে তিনি বলেন, ‘সোমবার বিকালে বিচারকমন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী, একাডেমীর কার্যনির্বাহী কমিটি এ পুরস্কারের বিজয়ীদের নাম নির্বাচন করেন। একই সাথে এবার নাটক, ভ্রমণ ও আত্মজীবনী বিভাগে কাউকে পুরস্কার প্রদান করা হয়নি। আগামী ২৪ ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি এক লাখ টাকা করে। এছাড়াও তাদেরকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। নজরুল মঞ্চের চিত্র : সোমবার মেলার নজরুল মঞ্চে মোট ১৫টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এরমধ্যে নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত রেজা রহমানের ‘আদিগন্ত ফেরা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, অভিনেত্রী মোমেনা চৌধুরী বিজয় প্রকাশ থেকে প্রচারিত জাহাঙ্গীর রানার ‘আনন্দ গানে চোখের জলে’ বইটির মোড়ক উন্মোচন করেন, মিজানুর রহমান তসলিমের ‘আপন দর্পণে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী, অধ্যাপক শহীদ উদ্দিন আহমেদ সাহিত্য বিলাস থেকে প্রকাশিত এম কামরুজ্জামানের ‘প্রিয় ত্যাগ’ বইটির মোড়ক উন্মোচন করেন।