আট গ্রামের দশ হাজার মানুষের দুর্ভোগ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ-কমলপুর সড়কে ২টি ব্রিজই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচলে যানবাহন ও ৮টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। রাস্তাটির হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজটির দু’পাশে রেলিং ভেঙ্গে যাওয়ায় ও ১ কিলোমিটার সামনে জিনারাগ ব্রিজটির পাটাতন ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিজ ২টি অতিক্রম করে হাসনাবাদ ইবতেদায়ী, এ হাকিম মাদ্রাসা, আলীনকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬-৭শ’ শিক্ষার্থী ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে প্রতিনিয়ত। কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাছাড়া গত ১০ বছরেও সড়কটির উল্লেখযোগ্য কোন মেরামত না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই রাস্তায় জমে হাঁটু পানি তখন যানবাহনে চলাতো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম জানান, ব্রিজগুলো নির্মাণে প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।