বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিলেটের বিশ্বনাথে রবিবার রাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের গুলিতে মহিলাসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—প্রবাসী তৈমুছ আলী, তার ছেলে মুজিবুর রহমান, মেয়ে লিনা বেগম, ভাই আবদুল হান্নান, আবদুস ছাত্তার কর্নেল। তাদেরকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখোশধারী ডাকাতদল পাউন্ড, টাকা, স্বর্ণালংকারসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, উত্তর ধর্মদা গ্রামের প্রবাসী তৈমুছ আলীর বাড়িতে ২০/২৫ জনের ডাকাতদল গভীর রাতে বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় প্রবাসী মুজিবুর রহমান প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে। এছাড়া মহিলাসহ অন্যান্যদের উপর নির্যাতন চালায় এবং আহত করে। এদিকে গভীর রাতে উপজেলার ছত্তিশ (নোয়াগাঁও) এলাকা থেকে পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হল—ছত্তিস গ্রামের রইছ আলীর পুত্র আসমান আলী, বিশ্বনাথ নতুনবাজারের ধনঞ্জয় বৈদ্য, জালালাবাদ থানার লামারগাঁও গ্রামের ফরিদ আলী। এসময় তাদের কাছ থেকে একটি পাইবগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।