দর্শনা চিনিকলের
মাড়াই মৌসুম শেষ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
আজ মঙ্গলবার দর্শনা চিনিকলের ২০১২-১৩ মাড়াই মৌসুম শেষ হচ্ছে। এর আগে গত পরশু প্রাথমিকভাবে মিল এলাকার আখ সংগ্রহ সমাপ্ত হয়েছে। প্রায় ৬০ কোটি টাকা লোকসান হওয়ার আশংঙ্কা করছেন কর্তৃপক্ষ। তবে গত ৩ মৌসুমের ৯ হাজার ৫৬ . ১৫ টন চিনি গুদামজাত রয়েছে যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা। মিল কর্তৃপক্ষ জানায়, গত ৭-১২-২০১২ তারিখ শুক্রবার ২০১২-১৩ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছিল। মিলটি ৭২ দিবসে নির্ধারিত আখ মাড়াই করে ৪ হাজার ৮ শত ৭ মে.টন চিনি উত্পাদন করেছে। গত বছর ৪৭ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে মিলটি মাড়াই মৌসুম শুরু করেছিল। এবারও প্রায় ১৩ থেকে ১৫ টাকা কোটি লোকসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক এস.এম সুদর্শন মল্লিক জানায়, কেরু চিনিকলে উত্পাদিত চিনি বিক্রি না হওয়ায় কেরুর (ডিষ্টিলারি বিভাগের) ফান্ডের টাকা থেকে চাষীদের আখের মূল্য পরিশোধ করতে হচ্ছে। কারণ চাষীরা তাদের আখের মূল্য সময় মত না পেলে ভবিষ্যতে আখচাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।