বকেয়া ১৫ কোটি টাকা

আর্থিক সংকটে পাবনা চিনিকল

ঈশ্বরদী পাবনা চিনিকলে চরম আর্থিক সংকট বিরাজ করছে। আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের নিকট বকেয়ার পরিমাণ দঁড়িয়েছে ১৫ কোটি টাকারও বেশি। মিল সূত্র জানায়, মাঠে আখের যে মজুদ রয়েছে তাতে মিলটি আর মাত্র ৩-৪দিন চালু রাখা সম্ভব হবে। আখ সরবরাহকারী চাষীদের নিকট ইতিমধ্যেই কর্তৃপক্ষ ১৩ কোটি টাকা দায়গ্রস্থ হয়ে পড়েছে। পাশাপশি মিলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনের পরিমাণ ২ কোটি ৫০ লাখ টাকা দাঁড়িয়েছে। মিলে উত্পাদিত ১ লাখ ১০ হাজার বস্তা চিনি গুদামে মজুদ রয়েছে। এই চিনি বাজারে বিক্রি হচ্ছে না। চিনি অবিক্রিত থাকায় আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে। জানা যায়, কর্তৃপক্ষের গাফিলতির কারণে কোটি কোটি টাকার স্ক্র্যাপ মিল এলাকায় যত্রতত্র পড়ে আছে। প্রতিদিনই এসব স্ক্য্রাপ হারিয়ে যাচ্ছে। সূত্র জানায়, নিয়ম মেনে এগুলো বিক্রির উদ্যোগ নিলে মিলের তহবিল সমৃদ্ধ হতো। চলতি মৌসুমে মিলের বয়লার টিউব নষ্ট হওয়ায় প্রায় দেড় কোটি টাকার উত্পাদন ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতির জন্য দায়ী ওয়াটারম্যানের বিরুদ্ধে শোকজ নোটিশ দেয়ার পর অদৃশ্য কারণে প্রশাসন তা প্রত্যাহার করে নেয়। কেউ কেউ নিয়মিত ডিউটি করলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করে না। ফলে মিলের লোকসানের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।