জামালপুরে অবৈধভাবে কাটা
হচ্ছে সার কারখানার গাছ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে জামালপুরের যমুনা সার কারখানা এলাকা থেকে প্রতিদিন বিনাঅনুমতি ও টেন্ডারবিহীন গাছ কর্তন করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানার প্রশাসন বিভাগের স্টেষ্ট শাখার সহ-শ্রমকল্যাণ কর্মকর্তা এ কে এম হাবিবুর রহমান ও স্টেষ্ট শাখার মালি বাদশা মিয়াসহ নির্মাণ শাখার বেশকিছু কর্মকর্তার যোগসাজশে প্রতিদিন কারখানা ও কারখানার কলোনী এলাকা থেকে অবৈধ ভাবে গাছ কর্তন করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এদিকে ৫টি কাঠভর্তি গাড়ি নিরাপত্তাকর্মীরা আটক করে প্রভাবশালীদের চাপের মুখে রহস্যজনক কারণে ছেড়ে দিতে বাধ্য হয়। কারখানা শ্রমিক ও এলাকাবাসীর অভিযোগ, এভাবে নিয়মনীতি অমান্য করে গাছ কর্তন ও নিধন চলতে থাকলে কারখানার পরিবেশ দিন দিন হুমকির সম্মুখীন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিনা অনুমতিতে গাছ কর্তন ও পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে।