ফ্যাসিবাদী তাণ্ডব উপেক্ষা করে হরতাল হয়েছে :জামায়াত

গতকাল সোমবার দেশব্যাপী ‘স্বতঃস্ফূর্তভাবে’ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণ সরকারের হুমকি-ধমকি, রক্তচক্ষু ও রাষ্ট্রীয় সন্ত্রাস, শাহবাগের সমাবেশের ফ্যাসিবাদী তাণ্ডব এবং ১৪ দলের অন্যায় ও অগণতান্ত্রিক আহ্বান উপেক্ষা করে দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালন করে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে এবং ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে তিনি বলেন, শাহবাগ থেকে ইসলাম বিরোধী চক্রও হরতালের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল। কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দ্বারা দেশের ছাত্র-যুবক, যুবতীদের এবং ইসলাম বিদ্বেষী ব্লগারদের একত্রিত করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতীতে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে কেউ রেহাই পায়নি। বিবৃতিতে তিনি বলেন, দেশে কি আইন, আদালত বিচার বলতে কিছু আছে? তিনি বেপরোয়াভাবে গুলিবর্ষণ বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।