ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মেঘনা ও গোমতী সেতু সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় বিকল্প সড়ক হিসেবে ঢাকা-চট্টগ্রাম রুটের যানবাহনগুলো কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচল করছে। গতকাল সোমবার ভোরে কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকায় ট্রাক বিকল হয়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় রাস্তার উভয় পার্শ্বে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। পরে সড়ক ও জনপথ বিভাগের লোকজন ট্রাকটি রেকার দিয়ে রাস্তার পাশে সরিয়ে নিলে সকাল আটটায় পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয়। চার ঘন্টা যান চলাচল বন্ধের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়ে দূর -দূরান্ত থেকে আসা বাসের যাত্রীরা। এদিকে জরাজীর্ণ সেতু, কালভার্ট ও অপ্রশস্ত সড়কটি সচল রাখতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং মহাসড়কের অর্ধশতাধিক স্পটে পুলিশ রয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে। গত শনিবার দ্বিতীয় পর্যায়ে মেঘনা-গোমতী সেতুর মেরামতের কাজ শুরু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প এই সড়ক দিয়ে যান চলাচল করছে। ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান জানান, ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ১৬টি ব্রীজ-কালভার্ট রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কুটি-চৌমুহনী, মহিউদ্দিননগর, ভাদুঘর বিকল্প সড়ক হিসেবে ডাইভারসন সড়কের কারণেই এ যানজট সৃষ্টি হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বর্তমানে এখন এ মহাসড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ৩৫ হাজার যানবাহন চলাচল করছে।